চীনে জাহাজডুবি: ক্রমশই ফিকে হচ্ছে আশা

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৭:০০
 
চীনের ইয়াংজি নদীতে জাহাজডুবির ঘটনায় জীবিত ব্যক্তিদের উদ্ধারের আশা ক্রমশই ফিকে হয়ে আসছে। বুধবার এমন তথ্যই জানিয়েছে বিবিসি।
 
প্রতিবেদনে বলা হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে সোমবার রাতে ৪৫৬ জন আরোহী নিয়ে ‘দ্য ইস্টার্ন স্টার’ নামের ঐ জাহাজটি উল্টে যায়। এখন পর্যন্ত ১৪ আরোহীকে জীবিত ও ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে।
 
কর্মকর্তারা জানিয়েছেন, তারা জীবিতদের উদ্ধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে কয়েক দশকের মধ্যে সম্ভবত এটিই চীনে সবচেয়ে বড় দুর্ঘটনা।
 
দেশটির পরিবহনমন্ত্রী ইয়াঙ চুয়াটান বলেছেন, শেষ পর্যন্ত শতভাগ চেষ্টা চালিয়ে যাব। আমরা আশা ছাড়ব না।
 
মঙ্গলবার উদ্ধারকর্মীরা জাহাজের ভেতর থেকে চিত্কারের শব্দ পাওয়া গেলেও বুধবার সকালে এরকম কোনো  শব্দ পাওয়া যায়নি।
 
সোমবার সন্ধ্যায় ইয়াংজি নদীর দামাঝু সেকশনে জাহাজটি উল্টে যায়। ঐ সময় জাহাজটি কোনো জরুরি সঙ্কেত দেয়নি।
 
বেঁচে যাওয়া জাহাজটির ক্যাপ্টেন ও প্রধান প্রকৌশলী বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। তারা জানিয়েছে, জাহাজটি সাইক্লোনের কবলে পড়েছিল। তবে এটি নিয়ে প্রশ্ন উঠেছে, ঝড়ে নদীর অন্য কোনো জাহাজের ক্ষতি না হলেও কিভাবে এতো বড় জাহাজ মুহূর্তের মধ্যে ডুবে যায়।
 
চীনের গণমাধ্যম জানিয়েছে, আবহাওয়াবিদরা এই তথ্য নিশ্চিত করেছেন যে, হঠাত্ করেই শক্তিশালী ও বিধ্বংসী ঝড়ের কবলে পড়ে জাহাজটি। সূত্র: বিবিসি।