সারা বিশ্ব মিলে একবিশ্ব গড়ে তুলতে বান কি মুনের আহ্বান

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৬:৩৯
 
 
দুর্গতদের সাহায্যার্থে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আন্তর্জাতিক মেলার আয়োজন করা হয়। বাংলাদেশসহ জাতিসংঘের সদস্য দেশসমূহ এই মেলায় অংশগ্রহণ করে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন এবং তার সহধর্মিণী বান সুন-টিক।
 
স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলা এই মেলায় ‘বাংলাদেশ’ নামের একটি স্টল স্থাপন করা হয়। এতে দেশীয় হাতের তৈরি খাবার পরিবেশন করা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী নানা মুখরোচক খাবারের স্বাদ পেতে বিভিন্ন দেশের ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশ স্টলের খাবার ক্রয় করেন। বিক্রি থেকে অর্জিত অর্থ জাতিসংঘের দুর্গতদের জন্য প্রদান করা হয়।
 
এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন—মেলার মূল লক্ষ্য হচ্ছে, সদস্য দেশসমূহের মধ্যে সম্প্রীতির বন্ধন তৈরি করা। এমন আয়োজনে অংশগ্রহণ করায় তিনি সদস্য দেশসমূহের প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান এবং সারা বিশ্ব মিলে একবিশ্ব গড়ে তোলার আহবান জানান। বিশ্বে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে পারস্পরিক সহযোগিতার তাগিদ দেন তিনি।
 
মেলায় অংশগ্রহণ করে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন বলেন—জাতিসংঘ মহাসচিবের স্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সদস্য দেশসমূহের এ আয়োজন সত্যিই এক মহামিলন মেলা। যেখানে সারা বিশ্বের কাছে বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সম্প্রীতিকে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।
-