ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমার কর্মকাণ্ড দেখে আমার বিচার করুন। বিরোধীরা আমার সম্পর্কে কি বলল, সে দিকে নজর দেবেন না।’ দিল্লিতে মুসলিম নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদি এ সব কথা বলেন। ওই বৈঠকে সংখ্যালঘু-বিষয়ক মন্ত্রী মুকতার আব্বাস নাকভিও উপস্থিত ছিলেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
৩০ সদস্যের প্রতিনিধিদলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘সরকার ১ কোটি ২৫ লাখ ভারতবাসীর সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করছে। এর আগের দিন মোদি তার দলের সংশিষ্টদের হুঁশিয়ার করে বলেন, ‘সংখ্যালঘু বিরোধী কর্মকাণ্ড কিংবা ধর্মীয় অসহিষ্ণুতা সহ্য করা হবে না।’
বৈঠক সূত্র জানিয়েছে—সংখ্যাগুরু ও সংখ্যালঘু রাজনীতি দেশের অনেক ক্ষতি করছে। তিনি উন্নয়ন এবং চাকরিতে নিয়োগসহ সব ক্ষেত্রে সংখ্যালঘুদের সব সমস্যার সমাধান সম্পর্কে সচেষ্ট বলে জানান। মোদি আরো বলেন— রাজনীতিতে তিনি কখনো বিভক্তিতে বিশ্বাস করেন না কিংবা তিনি সাম্প্র্রদায়িক ভাষাও ব্যবহার করেন না।
এ সময় মুসলিম নেতারা অভিযোগ করেন—বিভিন্ন স্কিম দেয়া সত্ত্বেও তারা তার সুফল ভোগ করতে পারছেন না। তখন মোদি এই সমস্যার সমাধানের ব্যাপারে আশ্বাস দেন।
