মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ফোনে আড়িপাতা সংস্কার বিলে স্বাক্ষর করেছেন। মূলত সিনেটের ডেমোক্র্যাটস ও বেশ কয়েক জন রক্ষণশীল রিপাবলিকানের মতৈক্য হওয়ায় ইউএসএ ফ্রিডম অ্যাক্টটি পাশ হয়েছে। বিলটি গতকাল বুধবার ৬৭-৩২ ভোটে কংগ্রেসে পাশ হয়। খবর রয়টার্সের।
২০০১ সালে নাইন ইলেভেনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার পর জাতীয় নিরাপত্তা সংস্থাকে (এনএসএ) ফোনে আড়িপাতার যে অনুমতি দিয়েছিলো তার মেয়াদ গত রবিবার শেষ হয়েছে। ২০১৩ সালে এনএসএ’র চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেন আড়িপাতার বিষয়টি ফাঁস করে দিলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। সর্বশেষ গত রবিবার প্যাট্রিয়ট বিলটির মেয়াদ শেষ হওয়ার পর সিনেটে মতৈক্য না হওয়ায় আড়িপাতা বিলটির মেয়াদ আর বাড়ানো হয়নি। তবে বিলটির বিষয়ে সবচেয়ে বেশি আপত্তি তোলেন রিপাবলিকান পার্টির ব্যানারে ২০১৬ সালের নির্বাচনের প্রেসিডেন্ট পদপ্রার্থী র্যান্ড পল।
