ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘কোনো স্তরেই সাম্প্রদায়িকতাকে বরদাস্ত করা হবে না। আমি বিভাজনের রাজনীতিতে বিশ্বাসী নই। উন্নয়নই সকল সমস্যার সমাধান।’ খবর এনডিটিভির।
অল ইন্ডিয়া ইমাম সংগঠনের প্রধান ইমাম উমের আহমেদ ইলিয়াসির নেতৃত্বে ৩০ সদস্যের এক প্রতিনিধিদল বুধবার মোদির সঙ্গে তার বাসভবনে দেখা করতে গেলে তিনি এ সব কথা বলেন। সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এ সময় উপস্থিত ছিলেন।
মোদি বলেন, ‘সংখ্যাগুরু ও সংখ্যালঘুর রাজনীতি এ দেশের অনেক ক্ষতি করেছে। উন্নয়নই এখন যাবতীয় সমস্যার সমাধান। আমি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’
এ প্রসঙ্গে মোদি নারীশিক্ষা ও শিল্পোন্নয়নের কথা উল্লেখ করেন। মোদির দাবি—গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালেও তিনি এই কাজই করেছেন।
প্রধানমন্ত্রীর সচিবালয়ের বক্তব্য, গত এক বছরে মোদির নেতৃত্বের প্রশংসা করে প্রতিনিধি দল বলেছে—উন্নয়নের পথে তারাও শরিক হতে চায়। ভোট-ব্যাংকের বিভাজনের রাজনীতিকে সরাসরি খারিজ করেন ওই মুসলিম নেতারাও। একই সঙ্গে মুসলিম যুবকদের এক হাতে কোরান আর এক হাতে কম্পিউটার নিয়ে মোদির দৃষ্টিভঙ্গিরও প্রশংসা করেন তারা।
