ভারতের মণিপুরে সন্ত্রাসী হামলায় ২০ সেনা নিহত

আপডেট : ০৫ জুন ২০১৫, ১৬:০৭

ভারতের মণিপুর রাজ্যে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২০ সেনাসদস্য নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজ্যের চান্দেল জেলায় এই হামলার ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছে আরো ১২ জন। গতকাল রাত পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। রাজ্য সরকার এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

 
সূত্র জানায়, সেনাবাহিনীর একটি কনভয় মতুল থেকে ইম্ফল যাচ্ছিল। স্থানীয় সময় ৯ টার দিকে কনভয়গুলোতে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা। এসময় এই হতাহতের ঘটনা ঘটে। আহত সেনাদের হেলিকপ্টারে করে নাগাল্যান্ডে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, গাড়ির বহর প্যারালং এবং চারং গ্রামের মাঝামাঝি এলে সন্ত্রাসীরা সেনা কনভয়ের চারটি গাড়ি লক্ষ্য করে রকেট প্রোপেলার চালিত গ্রেনেড হামলা করে।  তিনি আরো বলেন, হামলায় বেশিরভাগ সেনাসদস্যের শরীর এমনভাবে পুড়ে বিকৃত হয়ে গেছে যে তাদের অনেককে চেনা যাচ্ছে না। গত কয়েক দশকের মধ্যে সেনাবাহিনীর  উপর এটা অন্যতম ভয়াবহ হামলা হিসেবে তিনি উল্লেখ করেন। ভারতের ২৫ লাখ জনসংখ্যা অধ্যুষিত মনিপুর রাজ্যে সাম্প্রতিক বছরগুলোতে উপজাতীয় বিদ্রোহীদের বিভিন্ন গ্রুপ সহিংস তত্পরতা চালিয়ে আসছে। সন্ত্রাসীদের গুলি করে হত্যার অধিকার থাকা সত্ত্বেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই অঞ্চলে রক্তপাত বন্ধ করতে কিংবা বিদ্রোহীদের দমন করতে হিমশিম খাচ্ছে।
 

সেনাবাহিনীর হাতে এক নারী নিহত হবার ঘটনায় রাজ্যের ব্যবসায়ীদের ধর্মঘটের মধ্যে এই হামলার ঘটনা ঘটল। মনিপুর ভারতের একটি অনুন্নত রাজ্য। এই অঞ্চলের লোকজন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অবহেলার অভিযোগ করে থাকে এবং প্রায়শঃই বিক্ষোভ-সংঘর্ষ হয়ে থাকে। গত এপ্রিলে বিদ্রোহীদের আরেকটি হামলায় ১০ জন সেনা সদস্য নিহত আরো ১০ জন গুরুতর আহত হয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে গতকালের হামলার কঠোর নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার ঘোষণা দেয়া হয়েছে।