তুমুল বিতর্কের মধ্যেই ভারতের বাজার থেকে ম্যাগি নুডুলস উঠিয়ে নিচ্ছে নেসলে ইন্ডিয়া। বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি তাদের সিদ্ধান্তের কথা জানায়। একই সঙ্গে এই খাবার নিরাপদ জানিয়ে দ্রুত পণ্যটি বাজারে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করে নেসলে।
বিবৃতিতে নেসলে জানায়, ভোক্তাদের বিশ্বাস ও খাদ্যের নিরাপত্তা আমাদের কাছে মুখ্য বিষয়। দুর্ভাগ্যবশত সম্প্রতি কিছু কারণে আমাদের পণ্য নিয়ে ভোক্তাদের মধ্যে বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে। তাই আমাদের পণ্য নিরাপদ হওয়া সত্ত্বেও আমরা এটি বাজার থেকে তুলে নিচ্ছি।
বিবৃতিতে বলা হয়, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, ম্যাগি নুডুলস দ্রুতই আবার বাজারে ফিরে আসবে। ম্যাগি নুডুলস একেবারেই নিরাপদ এবং গত ৩০ বছর ধরে ভারতে বিশ্বাসযোগ্যতার সাথে এটি রয়েছে।
এদিকে শুক্রবার নেসলে শেয়ারের দর ৫ শতাংশ কমে গেছে। ভারতের ম্যাগি বিতর্ক শুরু হওয়ার পর গত ২৮ মে থেকে তাদের শেয়ার ১৫ শতাংশ পড়ে গেছে।
এর আগে বুধবার ১৫ দিনের জন্য ম্যাগি নুডুলসকে নিষিদ্ধ করেছে দিল্লি সরকার। মঙ্গলবার দিল্লির পরীক্ষায় অনুত্তীর্ণ হয় পণ্যটি।
ম্যাগি-বিতর্কের সূত্রপাত হয় গত মাসে। ম্যাগির মধ্যে ক্ষতিকারক সীসা ও এমএসডি (মোনোসোডিয়াম গ্লুটামেট) মাত্রাতিরিক্ত পরিমাণে থাকায় মে মাসে দেশের সমস্ত বাজার থেকে ম্যাগির একটি ব্যাচ তুলে নেয়ার নির্দেশ দেয় উত্তরপ্রদেশের এফডিএসএ। এরপরই দেশজুড়ে ম্যাগি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সূত্র: এনডিটিভি।
