সাদ্দামের পররাষ্ট্র মন্ত্রী তারিক আজিজের কারাগারে মৃত্যু

আপডেট : ০৬ জুন ২০১৫, ০১:৫০

ইরাকে সাদ্দাম হোসেনের শাসনামলের গুরুত্বপূর্ণ রাজনীতিক এবং সাবেক উপ-প্রধানমন্ত্রী তারিক আজিজ মারা গেছেন। ইরাক সরকার জানিয়েছে, ৭৯ বছর বয়সী তারিক আজিজ কারাবন্দী অবস্থায় মারা যান। খবর বিবিসির।

 

শিয়া মুসলমানদের বিরুদ্ধে ধারাবাহিক নির্যাতনের অভিযোগে ২০১০ সালে তারিক আজিজকে মৃত্যুদণ্ড দেয়া হয়। তবে এই মৃত্যুদণ্ড কখনো আদৌ কার্যকর হবে কি না তা নিয়ে সবসময় সন্দেহ ছিল। তারিক আজিজ দীর্ঘসময় সাদ্দাম হোসেনের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। ইংরেজি ভাষায় দক্ষতা এবং তার পরিশীলিত আচরণের মাধ্যমে তিনি বাইরের দুনিয়ার কাছে সাদ্দাম হোসেনের সরকারের এক মধ্যপন্থি ভাবমূর্তি তুলে ধরার চেষ্টা করতেন।