মালালার হামলায় অভিযুক্তদের ৮ জনকে অব্যাহতি

আপডেট : ০৬ জুন ২০১৫, ১১:৪৪


নোবেল বিজয়ী পাকিস্তানের স্কুলছাত্রী মালালা ইউসুফজাই-এর উপরে হামলার অভিযোগে সাজাপ্রাপ্ত ১০ ব্যক্তির মধ্যে আটজনই মুক্তি পেয়েছেন।

এ বছর এপ্রিলেই পাকিস্তানি কর্মকর্তারা জানিয়েছিলেন যে, মালালাকে হত্যা চেষ্টার ঘটনায় ১০ তালেবানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তাদের প্রত্যেকেরই ২৫ বছর করে জেল হয়েছে।

কিন্তু এখন জানা যাচ্ছে যে, যারা বিচারের মুখোমুখি হয়েছিল তাদের মধ্যে মাত্র দুইজনের সাজা হয়েছে। বাকিরা সবাই মুক্তি পেয়েছেন।

মামলার বিচার শেষ হওয়ার প্রায় একমাস পর ওই মামলাটির নথিপত্র দেখে প্রথমে এই তথ্য জানা যায়।

লন্ডনে পাকিস্তানী হাই কমিশনের একজন মুখপাত্র মুনির আহমেদ শুকবারে বলেছেন, যথার্থ প্রমাণাদির অভাবেই আট ব্যক্তি ছাড়া পেয়ে গেছে।

অত্যন্ত গোপনীয়তার মাধ্যমে এই বিচার চলার সময়ও এর যথার্থতা বা বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল।

তবে দেশটির কর্মকর্তারা দাবি করেছেন, যে দুজন মিজ মালালাকে গুলি করেছিল তারাই এখন কারাগারে রয়েছে।

নারী শিক্ষা নিয়ে প্রচারণা চালানোয়, স্কুলছাত্রী মিজ. মালালাকে হত্যার উদ্দেশে ২০১২ সালে গুলি চালায় একদল তালেবান সদস্য। ওই হামলার ঘটনা সারাবিশ্বেই আলোড়ন তোলে।

নারীশিক্ষায় অবদান রাখার জন্য গতবছর নোবেল জয় করেন মালালা ইউসুফজাই।
-বিবিসি