মালয়েশিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১১

আপডেট : ০৬ জুন ২০১৫, ১৪:৪২
 
মালয়েশিয়ার মাউন্ট কিনাবালুতে শুক্রবার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১ জন হয়েছে। এই ঘটনায় আটজন নিখোঁজ রয়েছেন। শনিবার দেশটির সরকারি কর্মকর্তা এই কথা জানান।
 
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ রাজ্যের পর্যটন মন্ত্রী মাজিদি মানজুন তার টুইটার বার্তায় বলেন, দুপুরের দিকে ১১ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। ভূমিকম্পের ঘটনায় এখনো আটজন নিখোঁজ রয়েছে।
 
শুক্রবার মাউন্ট কিনাবালুর এলাকায় ভোরে ৬.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানায় সেখানে বড় ধরণের ভূমিধসের ঘটনা ঘটে।
 
এদিকে শনিবার মালয়েশিয়ার উদ্ধারকর্মীরা ১৩৭ পর্বতারোহীকে নিরাপদে পর্বত শৃঙ্গ থেকে উদ্ধার করেছে। তারা সেখানে ১৮ ঘণ্টা ধরে আটকা ছিলেন। সূত্র: এএফপি।