‘জি৭-এর উন্নয়ন-প্রবৃদ্ধির আশা দুর্নীতির ক্যান্সার বিষাক্ত করেছে’

আপডেট : ০৬ জুন ২০১৫, ১৭:৩৮
 
 
 
ফিফায় ঘুষের অভিযোগের পথ ধরে দুর্নীতির ‘ক্যান্সার’ নিয়ে একটি বৈশ্বিক কঠোর পদক্ষেপ নেয়ার কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সরকার এবং ব্যবসাকে পরিচ্ছন্ন করতে একটি আন্তর্জাতিক আহ্বানের জন্য তিনি জার্মানিতে অনুষ্ঠেয় জি৭ শীর্ষ সম্মেলনটিকে কাজে লাগাবেন। এ ছাড়া, তিনি দুর্নীতিপরায়ণ প্রতিষ্ঠানগুলোর দিকে আঙ্গুল না তোলার আন্তর্জাতিক রীতিরও সমালোচনা করবেন। খবর বিবিসির।
 
ব্রিটিশ কর্মকর্তারা বলেন—উন্নয়ন ও প্রবৃদ্ধি নিয়ে জি৭ যে উন্নতির আশা  করে ‘দুর্নীতির ক্যান্সার’ তাকে বিষাক্ত করে ফেলছে। এ রকম বিষয় নিয়ে কথা বলবেন ক্যামেরন। তবে কোন প্রতিষ্ঠান ও ব্যবসাগুলোকে তিনি স্পটলাইটের নিচে দেখতে চান, সেগুলোর নাম প্রকাশ করা হবে না বলে তার কাছে প্রত্যাশা করা হচ্ছে। রবিবার শুরু শীর্ষ সম্মেলনটিতে ক্যামেরন ছাড়াও অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ, জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, ইটালির প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেনজি, কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার এবং জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
 
জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের পাশাপাশি শিল্পোন্নত দেশগুলোর এবারের এই সম্মেলনে প্রবৃদ্ধি, নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং মহামারী রোগের হুমকির বিষয়গুলোও প্রধান্য পাবে। কিন্তু ক্যামেরন বলছেন, ‘দুর্নীতির বিষয়টি এ সব ক্ষেত্রে ব্যাপৃত এবং বৈঠকের অংশ হিসেবে তা অবশ্যই খোলাখুলিভাবে আলোচনা করতে হবে।’