তুরস্কে সমাবেশে দুই দফা বিস্ফোরণ: নিহত ২

আপডেট : ০৬ জুন ২০১৫, ২১:৪৪
 
 
তুরস্কে দিয়ারবাকিরে শহরে কুর্দিশ পিপলস ডেমোক্রেটিক পার্টির (এইচডিপি) সমাবেশে দুটি পৃথক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে দুজন নিহত ও শতাধিক ব্যক্তি আহত হয়েছে। তবে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নিহতের সংখ্যা ৪ বলা হলেও তা নিশ্চিত হওয়া যায়নি। বিস্ফোরণে হতাহতের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান দুঃখ প্রকাশ ও নিন্দা জানিয়েছেন। খবর আল জাজিরা ও রয়টার্সের।
 
তুরস্কের দক্ষিণাঞ্চলীয় দিয়ারবাকিরে শহরটি প্রধানত কুর্দি অধ্যুষিত। রবিবার সেখানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। নির্বাচন উপলক্ষে শুক্রবার সেখানে মিছিল-সমাবেশের আয়োজন করে রাজনৈতিক দল এইচডিপি।
 
সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে—সমাবেশে বেশ কয়েক হাজার লোক জড়ো হয়েছিলেন। মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে সেখানে দুটি বিস্ফোরণ ঘটে। তবে কেউ কেউ একটি বিস্ফোরণের কথা বলেছেন।
 
প্রত্যক্ষদর্শী ব্রিটিশ ফটোগ্রাফার গুই মার্টিন রয়টার্সকে জানান—পাঁচ মিনিটের ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটে। তিনি দেখেছেন একজনের পা নেই। এ ছাড়া অনেককেই আহতাবস্থায় দেখা গেছে। মার্টিন জানান—আহতদের উদ্ধার কিংবা সহায়তা করতে গেলে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে।
 
তুরস্কের সম্প্রচারমাধ্যম এটিভিকে দেয়া সাক্ষাত্কারে এরদোগান বলেছেন, ‘বিস্ফোরণে দুজন নিহত ও শতাধিক আহত হয়েছে। তিনি হতাহতদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তুরস্কের শাস্তি নষ্ট করতেই এ ধরনের উস্কানির ঘটনা ঘটানো হয়েছে।’