লিবিয়ার উপকূল থেকে দুই হাজারেরও বেশি অভিবাসীকে উদ্ধার করেছে ইউরোপিয়ান যুদ্ধ জাহাজ ও কোস্ট গার্ডের জাহাজ। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মাল্টাভিত্তিক অভিবাসীদের জন্য উপকূলবর্তী সাহায্য কেন্দ্র ‘মাইগ্রেন্ট অফসোর এইড স্টেশন’ জানিয়েছে, ব্রিটেন, ইতালি, আয়ারল্যান্ড ও জার্মানির কয়েকটি যুদ্ধজাহাজ ও কোস্ট গার্ডের টহল জাহাজ এই উদ্ধার অভিযান পরিচালনা করে।
সাগরে ভাসমান এসব অভিবাসীদের সুনির্দিষ্ট সংখ্যা জানাতে পারেনি ইতালি কোস্টগার্ড।
ব্রিটিশ নৌজাহাজ দ্য এইচএমএস বুলওয়ার্ক উদ্ধারকাজ ও উদ্ধারপরবর্তী সহায়তা প্রদানে লিবিয়ার উপকূলের উদ্দেশে যাত্রা করেছে।
শনিবার ইতালির নৌবাহিনীর জাহাজ নারী ও শিশুসহ ৫৬০ অভিবাসীকে উদ্ধার করে। অন্যদিকে আইরিশ জাহাজ ৩১০ জনকে উদ্ধার করে।
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার প্রচেষ্টা গত পাঁচমাসে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র: বিবিসি।
