সুদানে নতুন সরকার গঠিত

আপডেট : ০৭ জুন ২০১৫, ১৮:৩১
সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশির শনিবার সন্ধ্যায় দেশটিতে একটি নতুন সরকার গঠন করেছেন। নির্বাচনে জয়ী হওয়ার এক মাসেরও বেশি সময় পর তিনি এ সরকার গঠন করলেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে। তবে ওই নির্বাচন দেশের প্রধান রাজনৈতিক দল বর্জন করেছিল।
 
বশির গত মঙ্গলবার পরবর্তী পাঁচ বছরের জন্য শপথ নেয়ার সময় তার আগের মন্ত্রিসভা ভেঙে দেন। বশিরের বর্তমান মন্ত্রিসভায় কমপক্ষে ৩১ জন স্থান পাবেন।  
 
বশির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আগের অবস্থানেই বহাল রেখেছেন। যেমন অর্থমন্ত্রী হিসেবে বাদেরেলদিয়েন মাহমুদ ও স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে ইসমত আব্দুল রহমান বহাল রয়েছেন।
 
এর আগে বশির গত সপ্তাহে শপথ নেয়ার সময় সুদানের জন্য ‘একটি নতুন অধ্যায়’ সূচনার অঙ্গীকার করেন। তিনি পশ্চিমাদের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার এবং দুর্নীতি মোকাবেলা ও দেশে শান্তি ফিরিয়ে আনার কথাও উল্লেখ করেন।
 
১৯৮৯ সালে ইসলামি মদদপুষ্ট অভ্যুত্থানের মাধ্যমে বশির দেশটিতে ক্ষমতায় আসেন।