জি-৭ সম্মেলনে গুরুত্ব পাচ্ছে ইউক্রেন সংকট

আপডেট : ০৮ জুন ২০১৫, ০২:১৪

বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি-৭ সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনের শুরুতেই মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন। এই সম্মেলনে ইউক্রেন সংকটই গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। গতকাল জার্মানির ব্যাভারিয়ান আল্পস পার্বত্য এলাকায় এই সম্মেলন শুরু হয়। খবর বিবিসি’র।

 

সম্মেলনে জার্মানি ছাড়া ব্রিটেন, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, কানাডা, ইতালি ও জাপানের প্রতিনিধিরা অংশ নিয়েছেন।  এর আগে এই সংগঠনটি জি-৮ নামে পরিচিত ছিল। পূর্ব ইউক্রেনে রাশিয়া হামলা চালাচ্ছে এই অভিযোগে গত বছর দেশটিকে সংগঠন থেকে বাদ দেয়া হয়। পরে এটির নাম হয় জি-৭ বা গ্রুপ সেভেন। জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বিশ্ব নেতাদের পার্বত্য এলাকার রীতিতে স্বাগত জানান। সম্মেলনে ইউক্রেনের পাশাপাশি গ্রীসের ঋণ সংকট, বিশ্ব সন্ত্রাসবাদ এবং বিশ্ব জলবায়ু গুরুত্ব পাবে। জার্মানি, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র একটি প্রস্তাব পাস করানোর চেষ্টা করছে যাতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রাষ্ট্র প্রলুব্ধ হয়ে রাশিয়ার ওপর অবরোধ প্রত্যাহার না করে। গত শনিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা বিশ্বের উদ্দেশে বলেন, রাশিয়াকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এদিকে সম্মেলন কেন্দ্রের বাইরে বিভিন্ন দাবিতে বিক্ষোভ করতে দেখা যায়।