ইউক্রেইনে লড়াই বন্ধে চুক্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে মত প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল। জি৭ সম্মেলনের শুরুতে এক বৈঠকে এ মনোভাব প্রকাশ করেন দুই নেতা।
ইউক্রেইনে রুশপন্থি বিদ্রোহীদের সমর্থন দেয়ায় ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া। গত বছর রাশিয়াকে জি৮ থেকে বাদ দেয়া হয়।
মার্কেলের সঙ্গে ওবামার বৈঠকের পর হোয়াইট হাউস এক বিবৃতিতে দুই নেতার কথা তুলে ধরে বলেছে, ‘মিনস্ক বৈঠকে যে চুক্তি হয়েছে তা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা এবং ইউক্রেইনের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করে চলার সঙ্গে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার বিষয়টি স্পষ্টতই সম্পৃক্ত থাকা উচিত।’
পূর্ব ইউক্রেইনে রুশপন্থি বিদ্রোহীদেরকে সহায়তা করতে সামরিকবাহিনী পাঠানোর জন্য রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। কিন্তু মস্কো এ অভিযোগ অস্বীকার করে আসছে।
খবর বিডিনিউজের।
