বহুজাতিক খাদ্য প্রক্রিয়াজাত শিল্পগোষ্ঠী নেসলের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে ভারতীয় কর্তৃপক্ষ। পরীক্ষায় ম্যাগি নুডলসে অতিরিক্ত সীসা থাকার প্রমাণ পাওয়ার এক প্রতিবেদনের ভিত্তিতে নেলসে কর্তৃপক্ষ পণ্যটি বাজার থেকে তুলে নেয়ার পর ভারতীয় কর্তৃপক্ষ এ ক্ষতিপূরণ দাবি করলেন। গতকাল রবিবার ভারতীয় কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
ভারতের খাদ্য মন্ত্রণালয়ের ভোক্তা সংক্রান্ত বিভাগের এক কর্মকর্তা বলেছেন, “জনস্বাস্থ্যের মতো বিষয় জড়িত থাকায় এটি একটি গুরুতর উদ্বেগের বিষয়। এ বিষয়ে আমাদের আইনি পদক্ষেপ নেয়ার অধিকার আছে।”
ভারতীয় ভোক্তাদের অধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠা করা আধা বিচারিক ক্ষমতাসম্পন্ন ন্যাশনাল কনজ্যুমার ডিসপিউটস রেডরেস্যাল কমিশনের (এনসিডিআরসি) কাছে নেসলের বিরুদ্ধে অনায্য ব্যবসায়িক পন্থা অনুসরণের অভিযোগ এনে এ ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। দাবির বিষয়টি পর্যালোচনা করে ক্ষতির পরিমাণ নির্ণয় করবে এনসিডিআরসি।
