বার্ষিক সম্মেলনে নতুন সেবার ঘোষণা অ্যাপলের

আপডেট : ১০ জুন ২০১৫, ০২:৪০

নতুন নতুন সেবা আর আগের বিভিন্ন সেবা ও পণ্যের আপডেটের ঘোষণার মধ্য দিয়ে গত পরশু থেকে শুরু হয়েছে চার দিনের অ্যাপল ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স ২০১৫। ডেভেলপারদের নিয়ে অ্যাপল প্রতিবছরই এই সম্মেলনটি আয়োজন করে থাকে। আর বছরের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত এই সম্মেলনেই মূলত অ্যাপল পণ্য ও সেবার ভবিষ্যতের রূপরেখা তুলে ধরা হয়।

সেই ধারাবাহিকতায় এবারের সম্মেলনে অ্যাপল ঘোষণা দিয়েছে সংগীত নিয়ে চালু নতুন এক সেবার। স্পটিফাই, টাইডাল বা এই ধরনের মিউজিক অ্যাপসের সাথে পাল্লা দিতেই অ্যাপল চালু করেছে এই অ্যাপ যার নাম দেওয়া হয়েছে অ্যাপল মিউজিক। গানের স্ট্রিমিং, মিউজিক ভিডিও লাইব্রেরি এবং ইন্টারনেট রেডিও চ্যানেল ছাড়াও এই অ্যাপে থাকছে শিল্পীদের আনরিলিজড ট্র্যাক ও অন্যান্য উপকরণ শেয়ার করার বিশেষ সুবিধা।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এবং এরপর যুক্তরাজ্যে চালু হবে এই সেবা। চলতি জুনের মধ্যে পর্যায়ক্রমে আরও এক শটি দেশে এর সেবা বিস্তৃত হবে বলে জানিয়েছে অ্যাপল। এই মিউজিক অ্যাপের অন্যতম চমক হলো বিটস ১ রেডিও স্টেশন যেখানে অন্যান্যের মধ্যে হোস্ট হিসেবে থাকবেন সাবেক বিবিসি ডিজে জেন লোয়ি। নানাভাবে প্লেলিস্ট তৈরির সুবিধা ছাড়াও এই অ্যাপকে পূর্ণাঙ্গভাবে নিয়ন্ত্রণ করা যাবে অ্যাপলের ভয়েজ অ্যাসিস্ট্যান্ট সার্ভিস সিরির মাধ্যমে। শুরুতে অ্যাপলের মোবাইল ডিভাইস, ম্যাক অপারেটিং সিস্টেম এবং উইন্ডোজ পিসির জন্য চালু হবে এই অ্যাপ। পরে অবশ্য অ্যান্ড্রয়েড এবং অ্যাপল টিভির জন্যও এটি চালু হবে।

অ্যাপল মিউজিক ছাড়াও নিউজ নামে আরও একটি অ্যাপের ঘোষণা দিয়েছে অ্যাপল। ফ্লিপবোর্ড বা এই ধরনের নিউজ-রিডিং অ্যাপের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে অ্যাপলের নতুন এই অ্যাপটি। অ্যাপলের মোবাইল পেমেন্ট প্ল্যাটফর্ম অ্যাপল প্লের সেবা সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানানো হয়েছে সম্মেলনে। সেইসাথে ঘোষণা দেওয়া হয়েছে অ্যাপলের স্মার্ট হাতঘড়ি অ্যাপল ওয়াচের নতুন সংস্করণের। আর প্রত্যাশা অনুযায়ী আইফোন, আইপ্যাড ও আইপডের অপারেটিং সিস্টেম আইওএস এবং ম্যাক ডিভাইসের অপারেটিং সিস্টেম ম্যাক ওএসএক্সের আপডেটের ঘোষণাও মিলেছে। এর মধ্যে আইওসের নতুন সংস্করণ আইওএস ৯-এ আরও শক্তিশালী করা হয়েছে সিরিকে।