রাজধানীর উত্তরা এলাকা থেকে জসিম উদ্দিন নামে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (ডিবি)। তার কাছ থেকে ১৪টি পাসপোর্ট, লিবিয়ার ভিসা ও জাল টিকিট উদ্ধার করা হয়।
ডিবির ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকাল পৌনে চারটার দিকে উত্তরা পশ্চিমের সাত নম্বর সেক্টরে অভিযান চালিয়ে ১৪টি পাসপোর্ট, লিবিয়ার ভিসা ও জাল টিকিটসহ জসিমকে গ্রেফতার করা হয়। জসিম ও তার পলাতক সহযোগী মোস্তফা মানিক ও তার চাচাতো ভাই জহুরুল ইসলাম সুমন, খালাতো ভাই আব্দুল কাদের ও তার পাশ্ববর্তী গ্রামের সাহাবদ্দিন ও নুরে আলম এবং তার পরিচিত মো. আকবরকে মালয়েশিয়া ও লিবিয়ায় পাঠানোর মিথ্যা আশ্বাসে মোট ২৪ লাখ টাকা হাতিয়ে নেয়। তারা উত্তরা অফিস হতে মালয়েশিয়া পাঠানোর কথা বলে কৌশলে কক্সবাজার নিয়ে ট্রলারে উঠিয়ে দেয়। পরে মোস্তফা মানিক, সুমন, সাহাবদ্দিন, নুর আলম, আকবর কৌশলে ট্রলার থেকে নেমে গেলেও জসিমের সহযোগীরা কাদেরকে আরেকটি ট্রলার উঠিয়ে মালয়েশিয়া পাচার করে দেয়। এরপর থেকে কাদের নিখোঁজ রয়েছে।
