‘বাংলাদেশের অগ্রযাত্রা কেউ ব্যাহত করতে পারবে না’

আপডেট : ১০ জুন ২০১৫, ২০:৩৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের অগ্রযাত্রাকে কেউ আর ব্যাহত করতে পারবে না। তবে সরকারের যে অর্জন তা যাতে ম্লান না হয় সেদিকে সবার সতর্ক থাকতে হবে। 
 
তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক বাংলাদেশ সফরকে সরকারের ব্যাপক কূটনৈতিক সাফল্য উল্লেখ করে বলেন, এই সফরের মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো জোরদার হয়েছে। 
 
স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সজিব ওয়াজেদ জয়। 
 
বৈঠকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সহ-সভাপতি ফজলুর রহমান, আকতার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুস সামাজ আজাদ, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।
 
সজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কর্মকাণ্ডে সন্তুষ্টি প্রকাশ করে দলের নেতা-কর্মীদের সাংগঠনিক রীতি মেনে চলে দলকে আরো শক্তিশালী করার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে যোগদান উপলক্ষে চলতি বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক সফর সম্পর্কেও বিস্তারিত আলোচনা হয়।
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ইত্তেফাককে জানান, বৈঠকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে সজিব ওয়াজেদ জয় দিকনির্দেশনা দিয়েছেন। এসব বিষয়ে তিনি কার্যকরী উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন। 
 
বৈঠকে ড. সিদ্দিকুর রহমান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর অবস্থান বিশেষ করে দেশ-জাতি ও দলের স্বার্থে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে মার্কিন পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদর সঙ্গে বৈঠক, মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানদের সঙ্গে বৈঠক, দলের দাবি-দাওয়া তুলে ধরা, জাতিসংঘ, হোয়াইট হাউজ ও পররাষ্ট্র দফতরের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মকাণ্ডের কথা সজিব ওয়াজেদ জয়ের সামনে তুলে ধরেন। 
 
বৈঠকে ড. সিদ্দিকুর রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের আগ্রযাত্রার জন্য বিশেষ করে ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমা চুক্তি বাস্তবায়ন ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফল ঢাকা সফরের জন্য সজিব ওয়াজেদ জয়ের মাধ্যমে সরকারকে অভিনন্দন জানান। 
 
এসময় সজিব ওয়াজেদ জয় জানান, এই ঐতিহাসিক সফরের সময় তিনি উপস্থিত থাকতে পারেননি। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় তিনি সফরসঙ্গী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন। 
 
বৈঠকে সজিব ওয়াজেদ জয় সাংগঠনিক রীতির কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মকাণ্ড পরিচালিত হবে।
 
সাজ্জাদুর রহমান সাজ্জাদ ইত্তেফাককে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা-কর্মীরা যেমন ঐক্যবদ্ধ, একইভাবে আমাদের নেতা সজিব ওয়াজেদ জয়ের নেতৃত্বে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। 
 
তিনি আশাপ্রকাশ করেন, এই বৈঠকের পর যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা-কর্মীরা আরো ঐক্যবদ্ধ হয়ে প্রবাসে থেকে দেশের জন্য কাজ করে যাবেন।