বিজয়া বৌদির আত্মার শান্তি কামনা করি: ববিতা

আপডেট : ১১ জুন ২০১৫, ১১:০৫


অস্কার বিজয়ী প্রয়াত চলচ্চিত্রকার সত্যজিত রায়ের স্ত্রী বিজয়া রায় মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চিত্র নায়িকা ববিতা। তিনি গতকাল ইত্তেফাককে ফোন করে বলেন, বিজয়া বৌদি'র মৃত্যুতে আমি খুব ব্যথিত।

ববিতা স্মৃতিচারণ করে বলেন, অশনি সংকেতে শ্যুটিংয়ের সময় কখনো কখনো তিনিও মানিক দা'র সাথে থাকতেন। আমি একটা শর্ট দিয়ে জিজ্ঞেস করতাম- বৌদি, কেমন হলো শর্টটা?

আজ তার অনেক কথা মনে পড়ছে। আমাদের স্বাধীতার পরপরই ১৯৭২ কি ১৯৭৩ সালে অশনি সংকেত জার্মানি ফিল্ম ফেষ্ট্যেভেলে গেছে। আমিও তাতে যোগ দিয়েছেলাম। কিন্তু উৎসবে ঢুকার সময় আমাকে কিছুতেই ঢুকতে দিচ্ছিলো না। কারণ, আমার পাসপোর্ট সদ্য স্বাধীন বাংলাদেশের। তখন জার্মানি তখনও স্বীকৃতি দেয়নি। ফলে সেই পাসপোর্টে তাদের আপত্তি। তখন বিজয়া বৌদি বললেন, আমরা তোমারে ছাড়া যাবো না! আর সে সময় মানিক 'দা বিভিন্ন জনের সাথে কথা বলে আমাকে নিয়েই উৎসবে যোগ দিলেন। এ রকম স্মৃতির শেষ নেই। আমি তার আত্মার পরম শান্তি কামনা করি।

উল্লেখ্য, বর্তমানে ববিতা টরন্টো শহরের অদূরে কিচেনারে ছেলের সাথে সময় কাটাচ্ছেন। আগামী মাসে তিনি দেশে ফিরবেন বলে জানান।