মগবাজারে ছিনতাই: উদ্ধার হয়নি ৩৩ লাখ টাকা

আপডেট : ১১ জুন ২০১৫, ১৯:৩৯
রাজধানীর মগবাজারে প্রকাশ্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানের হিসাবরক্ষককে গুলি করে ৩৩ লাখ ২২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার কোন অগ্রগতি হয়নি এখনও। ঘটনার ২০ দিন পেরিয়ে গেছে তবু ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি। দুই জনকে গ্রেফতারের দাবি করলেও তাদের কাছ থেকে এখনও কোন তথ্য মেলেনি। 
 
গ্রেফতারকৃত দু’জনও ছিনতাইয়ের সঙ্গে সম্পৃক্ত এমন কোন তথ্য প্রমাণ হাজির করতে পারছে না পুলিশ।  
 
গত ২৪ মে মগবাজার এলাকার ব্র্যাক ব্যাংকের সামনে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। মগবাজারের অ্যাকোয়া মেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের হিসাবরক্ষক সেলিম আক্তার ও পিন্টু রঞ্জন দাস কোম্পানির ৩৩ লাখ ২২ হাজার ২৫০ টাকা ব্র্যাক ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। ব্যাংকের সামনেই তাদের ওপর হামলে পড়ে দুর্বৃত্তরা। এলোপাথারি গুলি চালায়। এতে সেলিম আক্তার গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় টাকার ব্যাগ নিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ সেলিম আক্তার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিত্সা নিয়ে বাড়ি ফিরেছেন।
 
রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এদের একজন সালাহউদ্দিন ও অপরজন কামাল হোসেন। আগে কামালকে গ্রেফতার করা হয়েছে। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। আর সর্বশেষ মঙ্গলবার সালাহউদ্দিন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি বর্তমানে দুই দিনের রিমান্ডে আছেন। 
 
প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্য অনুযায়ি এই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তবে তাদের কাছ থেকে ঘটনা সংশ্লিষ্ট কোন তথ্য উদ্ধার করা যায়নি। 
 
ঘটনার পর হিসাবরক্ষক কর্মকর্তা পিন্টু রঞ্জন দাস বাদী হয়ে রমনা থানায় মামলা দায়ের করেন। 
 
মামলার এজাহারে তিনি বলেন, তারা দু’জন বড় মগবাজারস্থ অ্যাকোয়া মেরিন ডিস্ট্রিবিউশন লিমিটেডের হিসাবরক্ষণ কর্মকর্তা। দুপুর সোয়া একটার দিকে দু’টি ব্যাগে করে কোম্পানির টাকা নিয়ে তারা পায়ে হেঁটে ব্র্যাক ব্যাংকে যাচ্ছিলেন। তাদের অফিস থেকে ব্যাংকের দূরত্ব এক’শ গজের মতো হবে। 
 
বড় মগবাজারের ব্র্যাক ব্যাংকের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এরপর তাদের কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এ সময় সেলিম আক্তার তার কাছে থাকা টাকার ব্যাগ নিয়ে টানাহেঁচড়া করলে দুর্বৃত্তরা তার পায়ে গুলি করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে টাকার ব্যাগ নিয়ে তিনটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা চলে যায়।