ফরিদপুরে পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' ডাকাত সরদার মো: সেলিম শেখ ওরফে 'সেলিম ডাকাত' (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার রাত তিনটার দিকে জেলার কানাইপুরের লক্ষীপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সেলিম মধুখালী উপজেলার গোপালপুর এলাকার মো: মহিবুল হকের ছেলে।
মধুখালী থানার ওসি রুহুল আমীন জানান, ডাকাতির উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ অভিযান চালালে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালালে এলাকার আলোচিত ডাকাত সরদার মো: সেলিম শেখ ওরফে সেলিম ডাকাত নিহত হয়েছে। এ সময় পুলিশের এসআই সাইফুল ইসলাম আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো: জামিল হাসান জানান, তার বিরুদ্ধে ফরিদপুরের মধুখালী, সদর, ভাঙ্গা, মানিকগঞ্জ ও ঢাকার বিভিন্ন থানায় ডজন খানেক মামলা রয়েছে।
