ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

আপডেট : ১৫ জুন ২০১৫, ১৪:৩৯
উত্তর কোরিয়া সমুদ্রে ৩টি স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।  দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রবিবার উত্তর কোরিয়া এই পরীক্ষা চালায়। খবর এএফপি’র।
 
স্থানীয় সময় বিকেল ৪টা ৩০মিনিটে এসব পরীক্ষা চালানো শুরু হয় এবং তা শেষ করতে ২৫ মিনিট সময় লাগে। এসব ক্ষেপণাস্ত্র প্রায় ১শ’ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। 
 
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে অংসান নগরির কাছে একটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ কেন্দ্র থেকে পিয়ংইয়ং কেএন-০১ নামের এ তিনটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। 
 
পিয়ংইয়ং-এর দাবি অনুযায়ী গত ৯ মে সাবমেরিন থেকে উৎক্ষিপ্ত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার পর সর্বশেষ তারা এসব ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।