যানজটে গতকাল থেমে ছিল পুরো ঢাকা। সকাল থেকে অসহনীয় যানজটে স্থবির ছিল নগরীর প্রতিটি সড়ক। সময় যায় কিন্তু গাড়ির চাকা যেন ঘোরে না। যানজটে শহরের প্রতিটি রাস্তা অবরুদ্ধ থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছায়। সংশ্লিষ্টরা বলছেন, ভিআইপি চলাচল, সকালে ভারি বৃষ্টি, রাস্তা সংস্কার ও ঈদকে সামনে রেখে হঠাত্ ক্ষুদ্র বিক্রেতাদের আগমনে নগরীতে যানজটের তীব্রতা বেড়েছে।
সোমবার বিকাল চারটায় শাহবাগ থেকে কাওরান বাজারের অফিসের উদ্দেশে রওনা দিয়েছিলেন টুটুল হাসান। প্রায় আড়াই ঘণ্টা যানজটে আটকে থাকার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় অফিসে পৌঁছান তিনি। যানজট নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, হেঁটে আসতে যেখানে ১৫ থেকে ২০ মিনিট সময় লাগে, সেখানে আড়াই ঘণ্টা লাগা আশ্চর্যের ব্যাপার। ভিআইপি চলাচলের আগে কোন পরিকল্পনা না থাকায় এ পরিস্থিতি হয়। একই স্থান থেকে দুপুর দুইটায় কাওরান বাজারে আসতে লেগে যায় প্রায় দুই ঘণ্টা। জাহাঙ্গীর গেট থেকে ফার্মগেট পর্যন্ত মোটর সাইকেলে আসতে দেড় ঘণ্টা লাগে রেজাউল নামের এক মোটর সাইলে আরোহীর। সোমবার যারা রাজধানীর সড়কে নেমেছেন অধিকাংশকেই এরকম ভোগান্তি পোহাতে হয়েছে। সীমাহীন যানজটের কারণে রাজধানীতে অচলাবস্থার সৃষ্টি হয়। চরম দুর্ভোগ পোহাতে হয়েছে কর্মস্থলগামী সাধারণ মানুষকে। বিমানবন্দর সড়কের মহাখালী এলাকা, বিজয় সরণি, ফার্মগেট, কাওরান বাজার, কাকরাইল, বিজয় নগর, গুলিস্তান— প্রতিটি এলাকায় যানজটে আটকে থাকতে হয়। মহাখালী ফ্লাইওভারের উপরেও বিভিন্ন যানবাহনকে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এছাড়া রাজধানীর মতিঝিল, পল্টন, হাতিরঝিল, বনানী, গুলশান, নিকেতন, মগবাজার, বাড্ডাসহ আশপাশের এলাকায়ও যানজটের সৃষ্টি হয়। মৌচাক-মালিবাগ, মগবাজার ও সাতরাস্তা এলাকায় নির্মাণাধীন ফ্লাইওভারের কারণে রাস্তা বৃষ্টির পানি আর কাদায় একাকার হয়ে যায়। কোন কোন সড়কে হাঁটু সমান পানি জমায় যান চলাচল ব্যাহত হয়। কোথাও কোথাও দীর্ঘক্ষণ যানবাহন বিকল হয়ে পড়ে থাকতে দেখা যায়।
ট্রাফিক পুলিশ জানিয়েছে, ভিআইপি মুভমেন্টের কারণে রাস্তাঘাটে যানজটের সৃষ্টি হয়। এছাড়া বৃষ্টির কারণে রাজধানীর বেশ কিছু সড়কে পানি জমে যাওয়ায় অনেক স্থানে যান চলাচলে বিঘ্ন ঘটে। এতে আশপাশের সব সড়কে যানজট দেখা দেয়।
এদিকে, যানজটের কারণে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যাত্রীরা জানান, হাতিরঝিলের রাস্তা বন্ধ করে দেয়া হয়। মৌচাক দিয়ে কাওরান বাজার আসতে আড়াই ঘণ্টা লেগেছে। মহাখালী থেকে কাওরান বাজারে আসা এক যাত্রী জানান, আধঘণ্টার পথ আসতে তার লেগেছে পৌনে তিন ঘণ্টা।
ঢাকা মহানগর ট্রাফিক ?উপ-কমিশনার (দক্ষিণ) খান মোহাম্মদ রেজোয়ান সাংবাদিকদের বলেন, ভিআইপি চলাচল, বৃষ্টি এবং রমজান উপলক্ষে গাড়ির মুভমেন্ট অন্য দিনের তুলনায় বেশি থাকায় যানজট হয়েছে।
