চাকরির কথা বলে ঢাকায় এনে গণধর্ষণ

আপডেট : ২১ জুন ২০১৫, ১৯:২১
 
 
চাকরির কথা বলে জামালপুর থেকে ঢাকায় নিয়ে আনা হয় এক তরুণীকে (২২)। চাকরি না দিয়ে গণধর্ষণের পর রাস্তায় ফেলে দেয়া হয় তাকে। শনিবার দিনগত গভীর রাতে পুলিশ খিলক্ষেত বাস স্টান্ডের পাশ থেকে কান্নারত ওই তরুণীকে উদ্ধার করে। রবিবার ভোর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করেছে।
 
ওই তরুণীর বরাত দিয়ে খিলক্ষেত থানার এসআই আব্দুল জলিল জানান—ওই তরুণীর বাড়ি জামালপুরের মোঘলশেরপাড়ায়। গার্মেন্টসে চাকরি দেয়ার কথা বলে প্রতিবেশী হানিফ ও কামাল তাকে ঢাকায় নিয়ে আসে। এরপর তারা ওই তরুণীকে একটি টিনশেড ঘরে ওঠায়। এরপর তারা দুজন ওই তরুণীকে পালা করে ধর্ষণের পর গভীর রাতে ঘর থেকে বের করে দেয়।
 
ঘটনার শিকার তরুণী ঢাকায় নতুন। তাকে যেখানে নিয়ে গণধর্ষণ করা হয়েছিল তিনি সে যায়গা চিনতে পারেননি। একপর্যায়ে হাঁটতে হাঁটতে খিলক্ষেত বাস স্ট্যান্ডের পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন। পরে পথচারীরা সব কিছু শুনে পুলিশকে খবর দিলে শনিবার দিনগত রাত সাড়ে ৪টায় পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
 

এসআই জলিল বলেন, ‘ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালানো হচ্ছে।’