রাজধানীতে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, আটক ৫

আপডেট : ২৯ জুন ২০১৫, ১৩:১৩
 
অপহরণের তিনদিন পর এক ব্যবসায়ীকে তুরাগ এলাকার এক বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় সাবেক এক সেনা সদস্যসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার পুলিশ এই তথ্য জানিয়েছে।
 
গ্রেফতারকৃতরা হলেন- সাবেক সেনা সদস্য আবদুল গফুর, গোলাম মোহাম্মদ, আজাদ ওরফে রোকন, সোহান ও সানাউল্লাহ।
 
আদাবর থানার এসআই আশিকুর রহমান জানান, উদ্ধার হওয়া মোখলেসুর রহমান গার্মেন্টসের স্টক লটের ব্যবসা করেন। তিনি আদাবরের প্রবাল হাউজিং থাকেন।
 
গত ২৫ জুন মোখলেসকে অপহরণ করা হয়। পরদিন মোখলেসের পরিবারকে ফোন করে ত্রিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেলে তাকে হত্যার হুমকি দেওয়া হয়।
 
গত শনিবার আদাবর থানায় সাধারণ ডায়েরি করে মোখলেসের পরিবার। এরপর পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। গতকাল সন্ধ্যায় তুরাগ থানার ফুলবাড়িয়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে মোখলেসকে উদ্ধার করা হয়।
 
আশিকুর রহমান জানান আরো জানান, রাতেই এই ঘটনায় একটি অপহরণ মামলা করা হয়েছে।