যুক্তরাষ্ট্রের আদালত সমলিঙ্গের বিয়ের বৈধতা দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি উপহাস করেছেন জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। বলেছেন, হোয়াইট হাউসে গিয়ে বারাক ওবামাকে বিয়ের প্রস্তাব দেবেন তিনি।
শনিবার দেশটির রাষ্ট্রীয় বেতারে দেওয়া সাপ্তাহিক সাক্ষাত্কারে মুগাবে কৌতুক করে বলেন, ওয়াশিংটনে গিয়ে ‘এক হাঁটু গেড়ে ওবামার পাণি প্রার্থনা’ করার ইচ্ছা আছে।
তিনি বলেন, প্রেসিডেন্ট ওবামা যখন সমলিঙ্গ বিয়ের প্রতি সমর্থন দিয়েছেন, সমকামীদের পক্ষ নিয়েছেন এবং অস্বস্তিকর পরিস্থিতি উপভোগ করছেন, তখনই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।
গত ২৬ জুন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের এক রায়ে দেশটির ৫০টি অঙ্গরাজ্যে সমলিঙ্গ বিয়ে বৈধতা পায়।
নিজের দেশে সমকামিতার বিরুদ্ধে সবসময় কঠোর অবস্থানে থাকা মুগাবে সমকামিতার পক্ষের রায়কে ‘উদ্ভট’ বলেছেন। ‘বিকৃতরুচির শয়তানের সমর্থকরাই’ যুক্তরাষ্ট্রের সরকার চালাচ্ছে বলে মন্তব্য করেন মুগাবে। অন্যদিকে ওয়াশিংটন মুগাবেকে স্বৈরশাসক বলে থাকে। সূত্র: ডেইল মেইল।
