বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় নিহত ১৫০

আপডেট : ০৩ জুলাই ২০১৫, ১১:২৬

জঙ্গি সংগঠন বোকো হারামের হামলায় নাইজেরিয়ায় ১৫০ জন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো রাজ্যে এ হত্যাকাণ্ড চালিয়েছে বোকো হারাম। শুক্রবার এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি।

বিবিসির খবরে প্রত্যক্ষর্দশীর বরাতে বলা হয়েছে, বন্ধুকধারীরা লেক চাদের পাশে কুকায়া গ্রামে হামলা চালিয়ে ৯৭ জনকে হত্যা করে। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।

মঙ্গলবার নামাজ শেষে বাড়ি ফেরার পথে বোর্নো রাজ্যের মোঙ্গুনো শহরের পাশের দুটি গ্রামে হামলা চালিয়ে ৪৮ জনকে হত্যা করে বোকো হারাম। দুর্গম ও যোগাযোগবিচ্ছিন্ন এলাকা হওয়ায় এ দুটি হত্যাকাণ্ডের তথ্য দু'য়েক দিন পরে গণমাধ্যমে পৌঁছায়।
এর আগে মোঙ্গুনো শহর দখল করে নিয়েছিল বোকো হারাম। সম্প্রতি সরকারি বাহিনী আবারও অঞ্চলটি নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনার কিছুদিন পর সেখানে আবারও মরণঘাতী হামলা করেছে জঙ্গিরা। গত মাসের শেষ দিকে মোঙ্গুনো শহর পুনরুদ্ধার উপলক্ষে সরকারের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে হামলা চালিয়ে ২৩ জনকে হত্যা করে বোকো হারাম।
 

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্যমতে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১৭ হাজার মানুষকে হত্যা করেছে বোকো হারাম। ছয় বছর আগে নাইজেরিয়ায় ইসলামি শাসন কায়েমের ঘোষণা দিয়ে জঙ্গি তৎপরতা শুরু করে নিষিদ্ধঘোষিত এই সংগঠনটি।