রাজধানী থেকে কনফেডারেট ফ্ল্যাগ সরিয়ে ফেলার জন্য একটি বিল পাস করেছে সাউথ ক্যারোলাইনার সিনেট। এর প্রতিবাদে স্থানীয় সময় সোমবার কলম্বিয়ার স্টেট হাউসের সামনে বিক্ষোভ করেছে ফ্ল্যাগের সমর্থকরা। আমেরিকান সিভিল ওয়ারের সময় দাস প্রথার পক্ষের ‘সাউথ’ বাহিনীর পতাকা ছিল ’কনফেডারেট ফ্ল্যাগ’। গত মাসে চার্লসটনে কৃষ্ণাঙ্গদের একটি চার্চে হামলা করে ৯ জনকে হত্যা করে এক তরুণ। তার শরীরে জড়ানো ছিল কনফেডারেট ফ্ল্যাগ। এরপরই এই ফ্ল্যাগটি সরানোর ব্যাপারে আলোচনা শুরু হয়। খবর বিবিসির।
গভর্নরের অনুমোদনের জন্য পাঠানোর আগে বিলটি প্রতিনিধি পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমতি পেতে হবে। অনেকের মতে এই পতাকাটি বর্ণবাদ ও দাস প্রথার প্রতিনিধিত্ব করে। তবে এর পক্ষে যারা তাদের বক্তব্য এটি যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্যকে ধারণ করে।
