চুক্তি নিয়ে তোপের মুখে গ্রিসের প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ জুলাই ২০১৫, ০৯:৪৯
ইউরো জোনের সঙ্গে গ্রিসের প্রধানমন্ত্রী এ্যালেক্সিস সিপ্রাস যে চুক্তি করেছেন তার জন্য নিজের দেশে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি। বলা হচ্ছে, অত্যন্ত অবমাননাকর সব শর্ত মেনে সিপ্রাস এই চুক্তি করে এসেছেন।
 
ফলে চুক্তির শর্তানুযায়ী, কর বৃদ্ধি, পেনশন কাটা এবং চাকরিবিধিতে পরিবর্তন আনার যে প্রতিশ্রুতি সিপ্রাস ইউরোপের নেতাদের দিয়েছেন, তা পার্লামেন্টে পাশ করানো সহজ হবে না বলেও আভাস পাওয়া যাচ্ছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন জোট, নিজের দল ও দলের বাইরে সবখানেই সমালোচনা হচ্ছে বিষয়টি নিয়ে। আগামী বুধবারের মধ্যে এসব সংস্কার প্রস্তাব পার্লামেন্টে পাশ করাতে হবে।
 
গ্রিসের প্রতিরক্ষামন্ত্রী প্যানোস ক্যামেনোস, যিনি সরকারের শরিক একটি ছোট দলের নেতা, তিনি এই চুক্তিকে এক অভ্যুত্থান বলে মন্তব্য করেছেন।
 
ওদিকে, ক্ষমতাসীন সিরিজা পার্টির কট্টরপন্থীরাও এই চুক্তিকে গ্রিসের জন্য অবমাননাকর বলে সমালোচনা করছে। ইতিমধ্যে দেশটির শ্রমমন্ত্রী আভাস দিয়েছেন, কাজটি মোটেই সহজ হবে না।
 
বুধবার দেশটির সরকারি কর্মজীবীদের একটি সংগঠন দিনব্যাপী ধর্মঘট আহ্বান করেছে।