ঈদের ছুটি শেষ তবু সদরঘাট ফাঁকা

আপডেট : ২১ জুলাই ২০১৫, ২০:৪৬
 
 
 
ঈদের ছুটি শেষ। সোমবার থেকে অফিস শুরু হওয়ায় এরই মধ্যে অনেকে রাজধানী ফিরেছেন। তবে সে সংখ্যা অনেক কম, ছুটি শেষে প্রথম কার্যদিবসে বিভিন্ন অফিসের চিত্রেই তা বোঝা গেছে।
 
দেশের দক্ষিণাঞ্চলের মানুষের ঘরে ফেরার অন্যতম নদীপথ সদরঘাট লঞ্চ টার্মিনাল মঙ্গলবার সকালে ফাঁকা দেখা যায়।
 
টার্মিনাল সংশ্লিষ্টরা বলছেন, কর্মজীবী মানুষের রাজধানীতে ফেরার মিছিল শুরু হবে দু-এক দিন পর, যা উপচেপড়া ভিড়ে পরিণত হবে। কেননা, অনেকে ঈদের ছুটির সঙ্গে বাড়তি ছুটি নিয়েছেন। সেই ছুটি শেষ হলে আগামী বৃহস্পতিবার থেকে রাজধানীমুখী মানুষের ভিড় জনস্রোতে পরিণত হবে।
 
কথা হয় চাঁদপুর থেকে ফেরা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন অনুর সঙ্গে। বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত অনু ঢাকায় ফেরার কারণ সম্পর্কে বলেন, ঈদের ছুটি শেষ হলেও আমি বাড়তি একদিন ছুটি নিয়েছিলাম। কাজে যোগ দিতে হবে তাই ঢাকায় ফিরলাম। এখান থেকে সোজা অফিসে যাব। সে প্রস্তুতিই নিয়ে এসেছি।
 
লঞ্চে যাত্রী কেমন ছিল—জানতে চাইলে তিনি বলেন, যাত্রী খুব একটা ছিল না। অনেকে এখনও ছুটিতে আছেন।
 
সদরঘাট লঞ্চ টার্মিনালের পরিবহন পরিদর্শক মোহাম্মদ সোলেমান বলেন, বৃহস্পতিবারের আগে ঢাকায় ফেরা যাত্রীদের ভিড় খুব বেশি হবে না। মূলত বুধবার বিকাল থেকে ঢাকায় ফেরা মানুষের ভিড় শুরু হবে বলে তিনি জানান।
 
সকাল থেকে কয়টি লঞ্চ টার্মিনাল ছেড়েছে ও এসেছে জানতে চাইলে তিনি জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত মোট ৫১টি লঞ্চ ঘাটে ভিড়েছে। আর ঘাট ছেড়েছে ৭টি।