পলকের ফেসবুক প্রোফাইলও ভেরিফাইড

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ১২:৪২

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেসবুক প্রোফাইলও ভেরিফাইড হয়েছে। শুক্রবার মধ্যরাতে ফেসবুক তার প্রোফাইটি ভেরিফাইড ঘোষণা করে।

এদিকে প্রথম বাংলাদেশি হিসেবে কারও ফেসবুক পেজ এবং প্রোফাইল একসঙ্গে ভেরিফাইড হওয়ার ঘটনা এটাই প্রথম। এর আগে গত বছর ১৩ জুন শুক্রবার তার অফিসিয়াল ফেসবুক পেজ ভেরিফাইড করে ফেসবুক। তখন তার পেজে লাইক সংখ্যা ছিল মাত্র ৫০ হাজার। এসময় জাতীয় সংসদের সদস্য এবং মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে তিনিই প্রথম ফেসবুক পেজ ভেরিফাইডের স্বীকৃতি পান।

ফেসবুক প্রোফাইল স্বীকৃতিতে বন্ধু, ভক্ত এবং ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়ে একটি স্ট্যাটাসও দিয়েছেন প্রতিমন্ত্রী। বিগত সংসদ এবং এবারের মন্ত্রিসভার সর্বকনিষ্ঠ সদস্য পলক ১৯৮০ সালের ১৭ মে নাটোরের সিংড়া উপজেলার সিংড়া বাজার এলাকায় জন্মগ্রহণ করেন। ফয়েজ উদ্দিন আহমেদ ও জমিলা আহমেদের সন্তান পলক পাঁচ ভাই-বোনের সবার ছোট। তাদের ভাই-বোন সবার নামই চোখের প্রতিশব্দ দিয়ে-নয়ন, মণি, আঁখি, দৃষ্টি ও পলক।

বর্তমানে পলকের ফেসবুকে পেজে লাইক সংখ্যা ৬ লাখ ৬৫ হাজার এবং প্রোফাইল ফ্রেন্ড লিস্টে রয়েছেন ৫ হাজার এবং তাকে ফলো করছেন প্রায় ৮৬ হাজার ফেসবুক ব্যবহারকারী। পলকের ফেসবুক পেজের ঠিকানা : facebook.com/zapalak  এবং প্রোফাইলের ঠিকানা : www.facebook.com/palakmp।