মানিকগঞ্জে পদ্মা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৫ জুলাই ২০১৫, ১৪:৪৩
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদী থেকে শিহাব হোসেন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 
 
শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কলাগাছিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবক বরিশালের আটহাজারি গ্রামের আবুল কালামের ছেলে। তিনি দক্ষিণ কমলাপুরের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে শিহাব হরিরামপুরের খালপাড় বয়রা গ্রামে তার বন্ধু আলীমের বাড়িতে বেড়াতে আসেন। আলীম ওই গ্রামের আতাহারের ছেলে। শুক্রবার দুপুরে তিনি তার বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
 
হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ জানান, শনিবার সকালে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।