ঢাকায় অরুন্ধতী রায়ের আলোচনা স্থগিত

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ১৪:৪৬

বুকারজয়ী লেখক ও বিশিষ্ট মানবাধিকার কর্মী অরুন্ধতী রায়ের আলোচনা স্থগিত করা হয়েছে। অনুষ্ঠান আয়োজনে পুলিশের দেয়া পূর্বানুমতি প্রত্যাহারের ফলে আয়োজক ‘ছবি মেলা’ কর্তৃপক্ষ অনুষ্ঠানটি স্থগিত করেছে। চলমান ‘ছবি মেলা আন্তর্জাতিক আলোকচিত্রী উৎসব’ উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল। 

ছবি মেলার আয়োজনে এই উৎসবের ফেসবুক পেজে এমন তথ্য নিশ্চিত করা হয়েছে। যেখানে বলা হয়েছে, আমরা ঢাকা মহানগর পুলিশের মাধ্যমে গত রাতে জানতে পেরেছি অরুন্ধতী রায়ের আলোচনা অনুষ্ঠানটি ‘অনিবার্য কারণবশত’ প্রত্যাহার করা হয়েছে। যা ৫ মার্চ কৃষিবিদ ইনস্টিটিউটে হওয়ার কথা ছিল। গত ১৬ ফেব্রুয়ারি আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশ এই অনুষ্ঠানের অনুমতি দিয়েছিল। 

এই অনুষ্ঠানটি আয়োজনের জন্য বিপুল প্রস্তুতি নেয়া হয়েছিল। এ অবস্থায় এমন সিদ্ধান্তে আমরা গভীর মর্মাহত। অরুন্ধতি রায়ের মতো সেলিব্রেটি লেখকের প্রথম বাংলাদেশ সফরে এই অনুষ্ঠানের জন্য যারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা কতটা হতাশ হয়েছেন তা আমরা জানি। যারা এই অনুষ্ঠানের জন্য অপেক্ষায় ছিলেন এবং হতাশ হয়েছেন আমরা তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। 

আরও পড়ুন: ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি আগামী সপ্তাহে

গত ২৮ ফেব্রুয়ারি ঢাকায় শুরু হয় আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব ‘ছবিমেলা’। যা চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। এই উৎসবের অংশ হিসেবে আজ ‘আটমোস্ট এভরিথিং’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিলো অরুন্ধতী রায়ের।

ইত্তেফাক/কেআই