ছোট বোন লিনি সাবরিনকে নিয়ে একই মঞ্চে গান গেয়ে নিউইয়র্কের দর্শক-শ্রোতাদের মন জয় করলেন কোকিল কণ্ঠী ও ব্ল্যাক ডায়মন্ডখ্যাত কণ্ঠশিল্পী বেবী নাজনীন। প্রথমে বেবী নাজনীন, মাঝে লিনি সাবরিন এবং পরে দুই বোনের দ্বৈত পরিবেশনা প্রবাসী বাংলাদেশিদের দারুণ মুগ্ধ করে। বেবী নাজনীনের এই সঙ্গীত সন্ধ্যাটি পরিণত হয় প্রবাসে বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে।
ঈদের পর সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় নিউইয়র্কের উডসাইডে অবস্থিত কুইন্স প্যালেসে বেবী নাজনীনের একক সঙ্গীত সন্ধ্যার আয়োজন করে ‘ফ্রেন্ডস এন্ড ফ্যামেলি’র ব্যানারে প্রবাসী বাংলাদেশিরা। পেশাগত কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বেবী নাজনীন। গেল রোজার ঈদ উদযাপন করেছেন নিউইয়র্কের পার্শ্ববর্তী রাজ্য নিউজার্সির বাসিন্দা ছোট বোন কণ্ঠশিল্পী লিনি সাবরিন এবং ছেলে মহারাজ অভিতাভের সঙ্গে।
বেবী নাজনীনের একক সঙ্গীত সন্ধ্যা উপলক্ষে নিউইয়র্কে আগে থেকেই ব্যাপক প্রস্তুতি চলছিল। এ কারণে নিউইয়র্ক ও আশপাশের এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিদের ভিড় লক্ষ্য করা যায় উডসাইডের সবচেয়ে বড় কমিউনিটি সেন্টার কুইন্স প্যালেসে। ধারণক্ষমতার চেয়েও অতিরিক্ত দর্শক-শ্রোতায় উপচে পড়ে কুইন্স প্যালেস। সব শ্রেণীপেশার দর্শক শ্রোতার সামনে একে একে নিজের জনপ্রিয় গানগুলো গেয়ে শোনান বেবী নাজনীন। কয়েকটি হিন্দি ও আঞ্চলিক ভাষায়ও গান করেন তিনি। এরপর মঞ্চে ছোট বোন যুক্তরাষ্ট্র প্রবাসী কণ্ঠশিল্পী লিনি সাবরিনকে পরিচয় করিয়ে দেন বেবী নাজনীন। বড় বোনের পা ছুঁয়ে সালাম করে অতিথি শিল্পী হিসাবে মঞ্চে গান পরিবেশন করে সবাইকে মুগ্ধ করেন লিনি সাবরিন।
এর আগে বড় বোন বেবী নাজনীনের কথা উল্লেখ করে লিনি সাবরিন বলেন, বড় বোনের সামনে গান পরিবেশন করতে এখনো তার বুক কাঁপে, ভয়ও লাগে কিছুটা। লিনি সাবরীনের একক গানের পর দুই বোন দ্বৈত কণ্ঠে গান পরিবেশন করেন। এ সময় তাদের সঙ্গে নেচে গেয়ে ওঠেন শত শত দর্শক শ্রোতা।
অনুষ্ঠানের মাঝে আয়োজকদের মঞ্চে পরিচয় করিয়ে দেন অনুষ্ঠানের প্রধান সমন্বয়ক বিশিশষ্ট রাজনীতিক জিল্লুর রহমান জিল্লু। অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর ছিলেন বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন।
