নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রক্রিয়া নির্বাচন কমিশন সম্পন্ন করেছে। সুষ্ঠু পরিবেশে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচন করুন। জাতীয় সংসদ নির্বাচনে ৮০ শতাংশ ভোট পড়েছে তাতে সমালোচনা। সিটি কর্পোরেশন নির্বাচনে ৪০ শতাংশ ভোট পড়েছে তাতেও সমালোচনা। স্বচ্ছ নির্বাচন, তারপরও সমালোচনা করবেই। প্রশ্নবিদ্ধ নির্বাচন থেকে বিরত থাকতে হবে।
মঙ্গলবার সিংড়ায় উপজেলার প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি ভোট গ্রহণে নিযুক্ত অফিসারদের উদ্দেশ্যে বলেন, যদি নির্বাচনের সময় কেন্দ্রে কোনো সমস্যা হয় তাহলে দ্রুত নির্বাচন প্রক্রিয়া বন্ধ করে দেবেন। নির্বাচন কালীন এবং নির্বাচন পরবর্তী সময়ে যে কোনো সমস্যার দায়ভার নির্বাচন কমিশন নিবে।
আরো পড়ুন: ইনফেকশন ও কিডনির সমস্যা দূর করেই কাদেরের বাইপাস সার্জারি
উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোর সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং অফিসার রাজ্জাকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সিংড়া সার্কেল) মীর আসাদুজ্জামান, জেলা নির্বাচন অফিসার আব্দুর রহিম, সহকারী কমিশনার (ভূমি) বিপুল কুমার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, সিংড়া থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম প্রমুখ।
ইত্তেফাক/অনি
