সিলেটে তের বছরের শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় গ্রেফতার আয়াজ আলী গতকাল মঙ্গলবার বিকালে সিলেট মহানগর হাকিম আদালত-১ এর বিচারক সাহেদুল করিমের আদালতে জবানবন্দি দিয়েছেন। দেশ-বিদেশ জুড়ে চাঞ্চল্যকর রাজন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার জানান, আদালতকে আয়াজ জানান রাজন চোর ছিল না। সিলেট নগরীর কুমারগাঁওয়ে যেখানে রাজনকে নির্যাতন করে হত্যা করা হয়, সেখানে একটি গ্যারেজে রাখা ভ্যান নিয়ে আরো কয়েকটি শিশুর সঙ্গে খেলা করছিল রাজন। গ্যারেজের চৌকিদার ময়না রাজনকে ধরে চোর সাজায়। ময়না রাজনকে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বাঁধে। এসময় আয়াজ খেলার ছলে রাজনকে বাঁধতে সাহায্য করে বলে আদালতে জবানবন্দিতে বলেছেন। সুরঞ্জিত জানান, আদালতে আয়াজ বলেন, নিজে রাজনকে মারধর করেননি, তবে ময়না, কামরুলসহ অন্যরা মারধর করেছে।
রাজন হত্যাকারীদের ফাঁসির দাবিতে সিলেট সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। গতকাল সকালে রাজনের বাড়ির সামনে এ মানববন্ধনে উপজেলার প্রায় অর্ধশতাধিক স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেয়।
