ফ্লিপ স্মার্টফোন আনল এলজি

আপডেট : ২৯ জুলাই ২০১৫, ০২:০৮

আধুনিক টাচস্ক্রিন স্মার্টফোনের আগমনের পর থেকেই ফ্লিপ ফোন বা ফোল্ডিং মোবাইল ফোন দ্রুত বাজার হারাতে থাকে। একটা সময়ে এসে ফ্লিপ ফোন তৈরি বন্ধই করে দেয় মোবাইল নির্মাতা কোম্পানিগুলো। তবে অনেকের মধ্যে এখনও ফ্লিপ ফোনের চাহিদা রয়েছে। সেই চাহিদার কথা মাথায় রেখেই এবারে ফ্লিপ স্মার্টফোন তৈরি করেছে এলজি। ‘এলজি জেন্টল’ নামের এসব স্মার্টফোনে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ। ফলে আধুনিক অ্যান্ড্রয়েড ফোনের সব ফিচারই ব্যবহার করা যাবে এতে। আগেকার দিনের ফ্লিপ ফোনের মতোই এই ফোনের নিচের দিকে থাকছে ফিজিক্যাল কিপ্যাড। তবে এর ৩.২ ইঞ্চি ডিসপ্লেটিতেও থাকছে টাচস্ক্রিন সমর্থন। সেই সাথে থাকছে ১.১ গিগাহার্জ গতির কোয়াড-কোর প্রসেসর, ১ গিগাবাইট র্যাম, ৪ গিগাবাইট ইন্টার্নাল স্টোরেজ, ৩ মেগাপিক্সেল ও ভিজিএ ডুয়াল ক্যামেরা। প্রাথমিকভাবে কোরিয়ার বাজারে এসব ফ্লিপ স্মার্টফোন বিক্রি শুরু হবে বলে জানিয়েছে এলজি।