নাইজারের প্রেসিডেন্ট নির্বাচন ২১ ফেব্রুয়ারি

আপডেট : ৩০ জুলাই ২০১৫, ১৪:১৬
 
নাইজারের প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। ক্ষমতাসীন দলের নেতা মোহাম্মাদু ইসুফু দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় যেতে এই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন। বুধবার দেশটির নির্বাচন কমিশন একথা জানায়।
 
নাইজারের স্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট ইব্রাহিম বোব এক সংবাদ সম্মেলনে বলেন, আইনসভার নির্বাচনের পাশাপাশি দেশটির প্রথম দফার প্রেসিডেন্ট নির্বাচন ২০১৬ সালের ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
 
এছাড়া আগামী ২০ মার্চ দেশটির দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের কথা রয়েছে।
 
উল্লেখ্য, দেশটির মোট জনসংখ্যা এক কোটি ৭০ লাখ। তবে ২০১১ সালের নির্বাচনে মাত্র ৬৭ লাখ লোক ভোটাধিকার প্রয়োগে নিবন্ধন করে। নতুন ভোটার নিবন্ধন প্রক্রিয়ার আওতায় আসন্ন নির্বাচনে প্রায় ৭৫ লাখ লোক ভোট দেয়ার সুযোগ পাবে বলে আশা করা হচ্ছে। খবর: এএফপি।