ইউক্রেনের আকাশ সীমায় বহুল আলোচিত মালয়েশিয়ান এয়ারলাইনসের এমএইচ-১৭ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া।
বুধবার জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উত্থাপন করা ওই খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দেয় নিরাপত্তা পরিষদের ১১ সদস্য রাষ্ট্র। ভোটদানে বিরত থাকে চীন, ভেনিজুয়েলা ও অ্যাঙ্গোলা। ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে রাশিয়াই একমাত্র দেশ যারা এর বিরোধিতা করে।
এমএইচ-১৭ নামের ওই মালয়েশিয়ান বিমানটি আমস্টারডাম থেকে যাত্রী নিয়ে কুয়ালালামপুরে যাচ্ছিল। পথে ইউক্রেনের আকাশ সীমায় ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হলে এর ২৯৮ জন যাত্রীর সবাই মারা যান। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর দাবি, রাশিয়ার সরবরাহ করা মিসাইলের আঘাতেই বিমানটি বিধ্বস্ত হয়।
তবে এব্যাপারে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছে ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী গোষ্ঠী। এর আগে ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব উত্থাপনে জাতিসংঘের সবুজ সংকেত পায় যুক্তরাষ্ট্র। বিষয়টিকে ‘বালখিল্য’ বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্র: বিবিসি
