আশুগঞ্জ নৌবন্দর থেকে ৬ রুটে নৌযান চলাচল বন্ধ

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ২০:১২
জেলার আশুগঞ্জ আন্তর্জাতিক নৌবন্দর থেকে ছয়টি নৌরুটে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে করে নৌবন্দরে আটকা পড়েছে দুই শতাধিক মালবাহী কার্গোজাহাজ। মালামাল উঠানামা বন্ধ থাকায় নৌবন্দরে সৃষ্টি হয়েছে অচলাবস্থার। বেকার হয়ে পড়েছে সহস্রাধিক শ্রমিক।
 
এদিকে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে হাওরাঞ্চলে যাতায়াতকারীরা।
 
নৌবন্দর সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে বৈরি অবস্থার সৃষ্টি হওয়ায় দেশের সবগুলো নদনদীতে নৌযান চলাচলে সর্তকতা জারি করেছে (বিআইডাব্লিউটিএ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ।
 
বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের আশুগঞ্জ নৌবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. শাহ আলম জানান, আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্দর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে।