লক্ষ্মীপুরে দুই বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ১

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১০:৪৪
লক্ষ্মীপুরে সন্ত্রাসী ছলেমান বাহিনী ও দিদার বাহিনীর গোলাগুলিতে মো. মিলন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার রাত ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের জালিয়াকান্দি গ্রামে ওই দুই বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। 
 
নিহত মিলন জালিয়াকান্দি গ্রামের মমিন উল্যার ছেলে এবং দিদার বাহিনীর সক্রিয় সদস্য ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণ, ধর্ষণসহ একাধিক মামলা রয়েছে বলেও পুলিশ নিশ্চিত করেন। এছাড়াও মো. মিলন এলাকায় ডাকাত সর্দার হিসেবেও পরিচিত বলে স্থানীয়রা জানান। 
  
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি/সার্কেল) মো. নাসিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লক্ষ্মীপুরে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ছলেমান বাহিনীর সঙ্গে দিদার বাহিনীর গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে দিদার বাহিনীর সদস্য মিলন নিহত হন। নিহত মিলনের বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে।