ছাত্রলীগের দুই গ্রুপের সহিংসতায় গর্ভস্থ শিশু গুলিবিদ্ধ এবং একজন নিহত হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি সেন সুমন ও অপর ২ আসামি সাগর ও বাপ্পীকে গতকাল মঙ্গলবার দুপুরে মাগুরা ডিবি কার্যালয় থেকে আদালতে হাজির করা হয়।
ডিবি পুলিশের ওসি মামলার তদন্ত কর্মকর্তা ইমাউল হক জানান, প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সেন সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করা হয়। মাগুরা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ এর বিচারক ফারহা মামুন রবিবার রিমান্ডের দিন ধার্য করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সোমবার রাত ১১ টায় সেন সুমন, বাপ্পি ও সাগরকে মাগুরা ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সেন সুমনকে রবিবার ঢাকার কল্যাণপুর থেকে ব্যার-৪ গ্রেফতার করে। অন্যদিকে মামলার ৭ এবং ৮ নং আসামি বাপ্পী ও সাগরকে সোমবার বিকালে ঢাকার সাইনবোর্ড এলাকা থেকে মাগুরা ডিবি পুলিশ গ্রেফতার করে।
মামলার এজাহারভুক্ত মোট ১৬ আসামির মধ্যে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। নবজাতক ও মা নাজমা বেগম বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
