আজমিরীগঞ্জে খুঁটি বোঝাই নৌকা উল্টে ২ শ্রমিকের মৃত্যু

আপডেট : ০৭ আগস্ট ২০১৫, ১৬:৩৮
জেলার আজমিরীগঞ্জ উপজেলায় বিদ্যুতের খুঁটি বোঝাই নৌকা উল্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ক্লীদ চা বাগারে মৃত লক্ষ্মীপ্রসাদ কলের ছেলে মিলন কল (১৮) ও নারায়ন সবরের ছেলে সুমন সবর (১৯)।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পল্লী বিদ্যুৎ বিভাগের ঠিকাদার জাকির হোসেনের কয়েকজন শ্রমিক উপজেলার শিবপাশা এলাকা থেকে হিরাবাড়ি খাল দিয়ে নৌকায় করে বিদ্যুতের খুঁটি নিয়ে পাহাড়পুর বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিছুদূর যাওয়ার পর নৌকাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিকের মৃত্যু হয়।
 
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার নিহতদের লাশ বাড়ি থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।