তুরস্কের সিরিজ হামলা: নিহত ৫

আপডেট : ১০ আগস্ট ২০১৫, ১৮:৪৯
 
তুরস্কে সিরিজ হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত পাঁচ জন সদস্য নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সিরনাক ও ইস্তাম্বুলে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। হামলার পর ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর- বিবিসির।
 
সিরনাকে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে চার জন পুলিশ সদস্য নিহত হন। এর কিছুক্ষণ পরই বন্দুকধারীরা একটি সেনা হেলিকপ্টার লক্ষ্য করে গুলি চালায়। ঘটনায় হেলিকপ্টারে থাকা একজন সেনা সদস্য নিহত হন।
 
IMG0
 
অপর দিকে ইস্তাম্বুলে মার্কিন কনস্যুলেটে দুই জন নারী বন্দুকধারী হামলা চালায়। বিবিসির খবরে জানানো হয়েছে, ইস্তাম্বুলে একটি পুলিশ স্টেশনে গাড়ি বোমা হামলা চালানোর পর কনস্যুলেট ভবনে গুলিবর্ষণের ঘটনা ঘটে। ঐ বোমা হামলায় তিন পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হন।
 
প্রতিবেদনে জানানো হয়েছে, পুলিশ স্টেশনে হামলা চালিয়ে পালিয়ে যাওয়ার সময় মার্কিন কনস্যুলেটে হামলা চালানো হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর পরই এক টুইটার বার্তায় অনির্দিষ্টকালের জন্য কনস্যুলেট বন্ধ করে দেয়ার ঘোষণা দেয়া হয়।
 
দুজন নারী বন্দুকধারী কনস্যুলেট ভবনে হামলা চালান। ইস্তাম্বুলের গভর্নর এক বিবৃতিতে জানিয়েছেন, 'হামলাকারীদের মধ্যে একজন আহত নারী সদস্যকে আটক করা হয়েছে। তার সাথে থাকা একটি রাইফেল জব্দ করা হয়েছে।'
 
ধারণা করা হচ্ছে, তিনি দেশটির বাম চরমপন্থি রেভলিউশনারি পিপলস লিবারেশন ফ্রন্টের সাথে যুক্ত। এর আগে ২০১৩ সালে রাজধানী আঙ্কারায় মার্কিন দূতাবাসে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছিল সংগঠনটি।