যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হওয়ার বর্ষপূর্তিতে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিক্ষোভকারী ও পুলিশের গুলিবিনিময়ে এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। -খবর বিবিসি ও রয়টার্সের
সেন্ট লুইসের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বিক্ষোভকারীদের দিক থেকে গুলিবর্ষণের পর পুলিশ সদস্যরাও গুলি ছোঁড়া শুরু করে। বিক্ষোভকারীদের ছোঁড়া গুলি পুলিশের দু’টি প্রাইভেট কারে আঘাত হেনেছে বলেও জানানো হয়েছে।
IMG0
প্রথমদিকে জনগণ শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও রাত হলে তা সংঘর্ষে রূপ নেয়। গতবছর যেসব সড়কে আন্দোলন হয়েছিল সেসব সড়কে বিক্ষোভ করে নিহত কিশোর মাইকেল ব্রাউনের পরিবারের সদস্যরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা রাস্তা বন্ধ ও দোকানপাটের জানালা ভাঙচুর শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। বিক্ষোভকে ঘিরে পশ্চিম ফ্লোরিশ্যান্ট এভিনিউতে প্রচুর সংখ্যক দাঙ্গা পুলিশ অবস্থান নেয়। সেখানে ভারি অস্ত্রে সজ্জিত সাঁজোয়া যানও লক্ষ্য করা গেছে।
IMG1
গতবছরের ৯ আগস্ট ফার্গুসনে শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার গুলিতে নিহত হয় ১৮ বছর বয়সী কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন। নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় পুলিশ কর্মকর্তা ড্যারেন উইলসনের বিচারের দাবিতে বিক্ষোভ প্রদর্শিত হলেও জুরি তাকে অভিযোগ থেকে খালাস দেয়। এর পর আরেক দফা দাঙ্গা ছড়িয়ে পড়েছিল ফার্গুসনে।
