মালয়েশিয়ায় নাজিব আমলে গণতন্ত্র মৃত: মাহাথির

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ০৮:৫৫


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের আমলে গণতন্ত্র মৃত। দুর্নীতির অভিযোগে তাকে পুলিশের জিজ্ঞাসাবাদও করা উচিত। সোমবার ব্যক্তিগত ব্লগে মাহাথির একথা বলেন। খবর এনডিটিভি’র।

নাজিব রাজ্জাক ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাড নামের একটি ফান্ডে দুর্নীতি করেছেন বলে অভিযোগ উঠেছে।

মাহাথির ব্লগে লেখেন, গণতন্ত্র মৃত। কারণ নির্বাচিত নেতারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। তবে তার মন্তব্য সম্পর্কে প্রধানমন্ত্রীর অফিস তাত্ক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

সম্প্রতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে। তার আমলে দেশের অর্থনীতি ক্রমেই দুর্বল হচ্ছে। গত মাসে প্রধানমন্ত্রী তার ডেপুটি প্রধানমন্ত্রী মুহিউদ্দিনকে বহিষ্কার করেন এবং ওয়ানএমডিবি দুর্নীতি তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বদলি করেন। এই দুর্নীতি নিয়ে যে দুটি পত্রিকা প্রতিবেদন প্রকাশ করেছিল সেগুলোও বন্ধ করে দেন প্রধানমন্ত্রী।