কংগ্রেসকে সতর্ক করায় মুলায়ামকে মোদির প্রশংসা

আপডেট : ১১ আগস্ট ২০১৫, ১৮:২৮
 
পার্লামেন্টের কাজে বাধা দেওয়া নিয়ে কংগ্রেসের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করায় সমাজবাদী পার্টির প্রধান মুলায়াম সিং যাদবের প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার সকালে বিজেপি এমপিদের এক বৈঠকে মোদী এই প্রশংসা করেন। খবর এনডিটিভির।
 
বিজেপির সংসদীয় দলের বৈঠকের পর দলটির নেতা এবং মন্ত্রী রাজিভ প্রতাপ রুদি বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বলেন, তিনি মনে করেন অধিবেশনের সমাপ্তি এটা দেখায় যে, কিছু মানুষ আছে যারা প্রবৃদ্ধি ও উন্নয়ন বন্ধের জন্য পার্লামেন্টকে ব্যবহার করছে।’
 
উল্লেখ্য, বর্ষাকালীন অধিবেশনের পুরোটা সময়জুড়ে শীর্ষ তিন বিজেপি নেতার অব্যহতির দাবিতে কংগ্রেস এমপিরা পার্লামেন্ট অচল করে রাখে। এরকম পরিস্থিতিতে গত সোমবার বিরোধী নেতা মুলায়াম সিং যাদব কংগ্রেসের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেন।
 
রুদি বলেন, প্রধানমন্ত্রী ‘মুলায়াম সিং এবং অন্য দলগুলোকে ধন্যবাদ জানান যারা বুঝেছে এটা একটা ষড়যন্ত্র যা উন্নয়নকে স্থবির করে রাখছে’।
 
ভারতীয় পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশনের আর মাত্র তিন দিন বাকি আছে। সরকারের পরিকল্পনা হলো এই সময়ের মধ্যেই জিএসটি (গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স) বিলটি পাস করতে একটি শেষ চেষ্টা করা। সমাজবাদী পার্টি এবং  রাজ্য শাসন করা তৃনমূল কংগ্রেস ও জনতা দল ইউনাইটেডের মতো অন্যান্য আঞ্চলিক দলগুলো জিসটি সমর্থন করে। কিন্তু বামপন্থী দলগুলোকে সাথে নিয়ে রাজ্যসভায় সবচেয়ে বেশি সদস্য  থাকা কংগ্রেস এই বিলটির বিরোধিতা করছে। জিএসটি বিল পাস করতে হলে সংবিধান সংশোধনের  প্রয়োজন হবে যাতে অবশ্যই পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন লাগবে।
 
এ অবস্থায় বিজেপির সকল আইনপ্রণেতাকে পরবর্তী তিন দিন পার্লামেন্টের উভয়কক্ষে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। যাদের বিদেশ সফরের পরিকল্পনা আছে তাদেরকে তা বাতিল করতে বলা হয়েছে। ভারতের অর্থমন্ত্রী অরুন জেটলি গত সোমবার বলেছেন, ‘কংগ্রেস অর্থনৈতিক উন্নয়নের বিরোধী এবং জিসটি বিল বন্ধ করতে পার্লামেন্ট অচল করে রাখছে।’