ভিয়েতনামে ৭০০ কেজি গন্ডারের শিং ও হাতির দাঁত উদ্ধার

আপডেট : ১৪ আগস্ট ২০১৫, ১৫:১৩

ভিয়েতনামের পুলিশ ৭০০ কিলোগ্রামের বেশি (১৫০০পাউন্ড) গন্ডারের শিং ও হাতির দাঁত আটক করেছে। এগুলো মোজাম্বিক থেকে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।

তুয়োই ত্রে পত্রিকা জানায়, বৃহস্পতিবার মধ্যাঞ্চলীয় দা নাং বন্দরের একটি জাহাজে এগুলোর সন্ধান পাওয়া যায়। এগুলোকে দুটি কন্টেইনারের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। জাহাজটি পাথর চালান করছিল।

প্রতিবেদনটিতে বলা হয়, ‘হাতির দাঁতের ওজন ৫৯৩ কিলোগ্রাম ও গন্ডারের শিংয়ের ওজন ১৪২ কিলোগ্রাম।’ এই অবৈধ চালানটি মালয়েশিয়া হয়ে ভিয়েতনামে আসে বলে প্রতিদেনটিতে জানানো হয়।

চালানটির চূড়ান্ত গন্তব্য সম্পর্কে প্রতিবেদনটিতে কিছু না জানালেও জাহাজটি ভিয়েতনামের উত্তরাঞ্চলীয় বন্দর হাই ফোংয়ে থামার কথা ছিল।
বিপন্ন প্রজাতির পশু ব্যবসার জন্য ভিয়েতনামকে দীর্ঘ দিন ধরেই অভিযুক্ত করা হচ্ছে।

১৯৭৭ সালে ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিজ অব ওয়াইল্ড ফাউনা অ্যান্ড ফ্লোরা (সিআইটিইএস)-এর সম্মেলনে বিশ্বে গন্ডারের শিং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করা হয়। বিশ্বে মাত্র ৫ হাজার কালো গন্ডার ও আনুমানিক ২০ হাজার সাদা গন্ডার রয়েছে। এগুলোর অধিকাংশেরই বাস আফ্রিকার দক্ষিণাঞ্চলে।